হাসনাতের স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী

হাসনাতের স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী
1 / 1

হাসনাতের স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবর্জিত’ বললেন নাসির উদ্দিন পাটোয়ারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনানিবাসে বৈঠক নিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর দেওয়া স্ট্যাটাসটি ‘শিষ্টাচারবর্জিত’ বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী।

গতকাল শনিবার (২২ মার্চ) বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, তার (হাসনাত আবদুল্লাহ) এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচারবর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনাল জায়গায় আমরা দেখি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। 

তিনি আরও বলেন, আমাদের কাছে এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয়। এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবে এবং সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর এতে জড়িত না হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

এক প্রশ্নের জবাবে এনসিপির এই মুখ্য সমন্বয়কারী বলেন, আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, মার্কা, আদর্শ—এগুলো বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে। সেখান থেকে আমরা একটুও পিছপা হবো না।

পরবর্তীকালে নগরের আরামবাগে একটি অভিজাত কনভেনশন সেন্টারে এনসিপির সিলেট জেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, গণ–অভ্যুত্থানের দুটি লড়াই বাকি রয়েছে। একটি হলো সংস্কারপ্রক্রিয়া; আরেকটি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ও নিবন্ধন বাতিল। 

তিনি আরও বলেন, বাংলার মাটিতে অবশ্যই, যারা আমাদের দুই হাজার ভাই ও বোনকে শহীদ করেছে, আহত করেছে, আমরা তাদের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ চাই। আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।